শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

অর্থনীতি

রিজার্ভ বেড়ে ২৫.৫১ বিলিয়ন ডলার, জুনেই হতে পারে ৩২ বিলিয়ন!

 প্রকাশিত: ২২:২২, ২৮ জুন ২০২৫

রিজার্ভ বেড়ে ২৫.৫১ বিলিয়ন ডলার, জুনেই হতে পারে ৩২ বিলিয়ন!

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জাপানের আর্থিক সহায়তায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন করে স্বস্তি ফিরেছে। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় সম্প্রতি দুই কিস্তিতে মোট ১৩৪ কোটি ডলার রিজার্ভে যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আইএমএফের হিসাবপ্রণালী বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যেখানে ব্যবহারযোগ্য রিজার্ভ ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার। অপরদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

এই রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি। অন্তর্বর্তী সরকারের সময়ে হুন্ডির বদলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়েছেন, যার ফলে ডলারের বাজারে চাপ হ্রাস পেয়েছে এবং রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, টানা ১০ মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ রেখেছে। একই সঙ্গে ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা এবং উন্নয়ন খাতে ৫০০ কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ এসেছে।

শুক্রবার (২৭ জুন) জাপান থেকে ৪২ কোটি ডলার ঋণ এসেছে, যা সরাসরি রিজার্ভে যুক্ত হয়েছে।

চলতি জুন মাসেই আইএমএফ আরও ৯০ কোটি ডলার ঋণ ছাড় করতে যাচ্ছে। এ ছাড়া বিশ্বব্যাংক, এআইআইবি (এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক), জাপান এবং ওপেক ফান্ড থেকেও আরও ১০০ কোটি ডলারের ঋণ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে, মাস শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবায়ন অনুযায়ী রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

প্রবাসী আয়ের দিক থেকেও আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসেই রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার— যা প্রায় ৬ বিলিয়ন ডলার বেশি।

রফতানি খাতেও ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে আমদানি ব্যয় বেড়েছে মাত্র ৫ শতাংশ। এর ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা পাচ্ছে এবং রিজার্ভে ইতিবাচক সাড়া পড়ছে।

২০২৪ সালের ৩১ জুলাই, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দেশে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। সেই তুলনায় বর্তমানে রিজার্ভ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই।

অর্থনীতিবিদ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, সুশাসন, বৈধ পথে রেমিট্যান্স আহরণ এবং বিদেশি অর্থায়ন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে রিজার্ভ ধীরে ধীরে আরও সুসংহত হবে।