আরো এক-দুই সপ্তাহ’ হামলার পরিকল্পনা ইসরাইলের
যুদ্ধের পঞ্চম দিনে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ইরানে অন্তত ‘আরও এক বা দুই সপ্তাহ’ হামলা চালানোর পরিকল্পনা করছে। একইসঙ্গে তারা লেবাননে তেহরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন দফা হামলা শুরু করেছে।
সর্বশেষ পরিস্থিতির সংক্ষিপ্তসার নিচে দেওয়া হলো:
‘হাজারো লক্ষ্যবস্তু’
ইসরাইলি গণমাধ্যম ইসরাইল টাইমস জানায়, সামরিক ব্রিফিংয়ের পর বাহিনী জানিয়েছে তারা ‘অন্তত আরও এক বা দুই সপ্তাহ’ অভিযান চালাবে এবং ইরানি শাসনব্যবস্থার হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর লক্ষ্য রয়েছে।
এর আগে সেনাবাহিনী জানায়, তারা তেহরানে নতুন দফা হামলা শুরু করেছে। প্যারিস থেকে এএফপি জানায়, এএফপির এক সাংবাদিক ইরানি রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে নতুন বিস্ফোরণের খবর দেন।
সেনাবাহিনী জানায়, তারা তেহরানের নিরাপত্তা কমান্ড সেন্টারসহ ‘ডজনখানেক’ লক্ষ্যবস্তু এবং পশ্চিম ইরানের ইসফাহানে একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা।
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দাবি
ইরানের রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে, বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে থাকতে পারে বলে তারা সতর্ক করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ নৌপথে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে প্রস্তুত।
খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠান স্থগিত
আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠান ‘অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনায়’ স্থগিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনও আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম: ১,০৪৫ নিহত
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন-ইসরাইলি হামলায় ১,০৪৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এএফপি এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
লেবাননে হামলা
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লিতানি নদীর দক্ষিণে বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দেওয়ার পর তারা দক্ষিণ লেবাননে হামলা শুরু করেছে। এটি ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের অংশ।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরাইলি বাহিনী সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের খিয়াম শহরে প্রবেশ করেছে।
ইসরাইলে ইরানের হামলা
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত শনাক্তের পর জেরুজালেমে সাইরেন বেজে ওঠে। পরে তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে।
তুরস্কের সতর্কবার্তা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে তার ইরানি সমকক্ষকে সতর্ক করেন, ‘সংঘাত বিস্তৃত করতে পারে এম যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’
ন্যাটো তুরস্ককে লক্ষ্যবস্তু করার নিন্দা জানায়, যদিও এক তুর্কি কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সাইপ্রাসের একটি ঘাঁটির দিকে ছোড়া হয়েছিল কিন্তু পথভ্রষ্ট হয়।
ইরানের হামলা ইরাকি কুর্দিস্তানে
রেভল্যুশনারি গার্ডস জানায়, তারা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে তেহরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ও কাতারের প্রতিরোধ
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তিনটি ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন ভূপাতিত করেছে। কাতার জানিয়েছে, তারা ১০টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
মার্কিন সাবমেরিনের হামলা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, একটি মার্কিন সাবমেরিন ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলা চালিয়ে তা ডুবিয়েছে।
শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবে যাওয়া আইআরআইএস ডেনা ফ্রিগেটের প্রায় ১৫০ নাবিক নিখোঁজ এবং কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সানচেজ-ট্রাম্প বাকবিতণ্ডা
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘যুদ্ধ নয়’ বলে অবস্থান পুনর্ব্যক্ত করেন, যখন ট্রাম্প ইরানে হামলার জন্য স্পেনের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য ছিন্ন করার হুমকি দেন।
শেয়ারবাজার স্থিতিশীল
এশিয়ার বাজারে বড় ধরনের পতনের পর ইউরোপীয় শেয়ারবাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। তেলের দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিলেন।