সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

খেলা

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

 প্রকাশিত: ১১:৫২, ২৩ মার্চ ২০২৬

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন—নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। সোমবার এই ছয় জনের মধ্যে নাহিদ, শরিফুল, মোস্তাফিজ ও পারভেজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে।

নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম ও শরিফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তানজিদ ভিসা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়বেন।

লাহোরে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ ও ইমন।

রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। লাহোরের দুই ক্রিকেটার ফ্লাইট ধরলেও রাওয়ালপিন্ডির রিশাদ এখনো ফ্লাইট ধরেননি।

সোমবার সকালে নিজের ফেসবুকে বিমানের ভেতর তিন সতীর্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেন, ‘উড়াল দিতে প্রস্তুত, লড়াইয়ের জন্য প্রস্তুত।

দোয়ায় রাখবেন।’

পিএসএল চলাকালীনই আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় দল। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে (১৭, ২০ ও ২৩ এপ্রিল) এবং তিনটি টি-টোয়েন্টি (২৭, ২৯ এপ্রিল ও ২ মে) খেলবে টাইগাররা।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আটে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমাতে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই জাতীয় গুরুত্ব বিবেচনায় বিসিবি কাউকেই পুরো মৌসুমের জন্য অনুমতি দেয়নি।

মোস্তাফিজুর রহমানকে দুই দফায় এনওসি দেওয়া হয়েছে (১৬ মার্চ–১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল–৩ মে)। অর্থাৎ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন, তবে টি-টোয়েন্টি মিস করবেন।

তানজিদ, শরিফুল, নাহিদ ও রিশাদ কিউইদের বিপক্ষে দুই ফরম্যাটেই বিবেচনায় থাকায় তাদের এনওসি দেওয়া হয়েছে ১৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

পারভেজ হোসেন ইমনকে শুধুমাত্র টি-টোয়েন্টি দলে বিবেচনার সম্ভাবনা থাকায় তাকে ২১ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে।