রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

 প্রকাশিত: ১৯:০৬, ২২ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ‘প্যানিক মোডে’ রয়েছেন বলে জানা গেছে। 

আল জাজিরার লাইভ ইভেন্ট ও মিডলইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহর আরাদে ইরানের হামলার শিকার একটি স্থান পরিদর্শনে গিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 

নেতানিয়াহু বলেন, এখন সময় এসেছে বিশ্বনেতাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার। আমি দেখছি, কিছু দেশ সেই দিকেই অগ্রসর হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। তার ভাষায়, ইরান পুরো বিশ্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এ মন্তব্যের মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরোধ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এদিকে ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে প্যানিক মোডে রয়েছেন।

চার সপ্তাহ ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন মারফি। এক প্রতিক্রিয়ায় সিনেট ফরেন রিলেশনস কমিটির এ সদস্য বলেন, যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাম্প চরম অস্থিরতার মধ্যে রয়েছেন। চলমান এ সংঘাতের গতিপ্রকৃতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি।

এই যুদ্ধকে ‘ট্রাম্পের উন্মাদ যুদ্ধ’ বলে আখ্যায়িত করে সতর্ক করে মারফি বলেন, এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে জ্বালানি বাজারে পড়েছে। তার মতে, তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে সরাসরি চাপ তৈরি হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্বজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।

তবে মারফির দাবি, এ সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।