ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের হঠাৎ মিছিল
ঈদের ছুটিতে বছর দেড়েক পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছে।
রোববার সকাল সাড়ে ৮টায় দোয়েল চত্বর থেকে টিএসসিমুখী সড়কে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটি শুরু করে সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী।
ছুটির মধ্যে সকাল বেলা ফাঁকা ক্যাম্পাসে মিছিলটি টিএসসি এলাকার রাজু ভাষ্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা কিছু সময় অবস্থান করে বিক্ষোভ করেন।
মিছিলের ব্যানারে ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়াদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
এ বিক্ষোভ মিছিলের ভিডিও পরে ছাত্রলীগের ফেইসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।