দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষসহ দেশের বিভিন্নস্থানে দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেইসঙ্গে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ একথা জানিয়েছেন।
ছালেহ বলেন, ‘‘সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার রাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।
“আহতদের সুচিকিৎসার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
প্রেস সচিব বলেন, “ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।”
ঈদের ছুটির মধ্যে ফাঁকা সড়কে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জনের মত।
শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনার তথ্য জানিয়েছে পুলিশ।
এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজারে। গভীর রাতে সেখানে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ জনের প্রাণ গেছে। এ ছাড়া সকালে হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজনের প্রাণ গেছে। ফেনীর সদর উপজেলায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজতে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আরেকটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ওই ঘটনায় ইতোমধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে সরকারের তরফ থেকে।
ঈদ ঘিরে এসব দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিবৃতিও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।