গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ, ঈদে দর্শনার্থীদের ভিড়
ঈদ উপলক্ষে দর্শনার্থীদের বিনোদনে বৈচিত্র্য আনতে গাজীপুর সাফারি পার্কে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক থেকে একটি পুরুষ সিংহ ও দুটি সিংহী আনা হয়েছে।
এতে পার্কটিতে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান বলেন, “নতুন আনা সিংহগুলোকে নির্ধারিত বেষ্টনিতে রাখা হয়েছে এবং ঈদের দিন থেকেই দর্শনার্থীরা সেগুলো দেখতে পাচ্ছেন।”
পার্ক সংশ্লিষ্টরা বলছে, এর আগে প্রতি মঙ্গলবার বন্ধ থাকলেও এবার ঈদ উপলক্ষে সেই দিনটিতেও পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে অনেক দর্শনার্থী বন্ধের বিষয়টি না জেনে ফিরে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শনার্থীদের সুবিধার্থে সংস্কার করা হয়েছে পর্যটক পরিবহনের বাসগুলো। বর্তমানে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস দিয়ে পর্যটকদের সাফারি ঘুরিয়ে দেখানো হচ্ছে। পাশাপাশি ফুডকোর্ট ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধাও রাখা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, “সিংহের সংখ্যা কমে যাওয়ায় ডুলাহাজরা থেকে তিনটি সিংহ আনা হয়েছে। ঈদে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এবার ঈদের দিন পার্কটিতে ১৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।