শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

অর্থনীতি

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা

 প্রকাশিত: ১০:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা

জানুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩.১৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ৭৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে)। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ৪৫.১০ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।

রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৫৯৬ কোটি ২০ লাখ ডলার।

জানুয়ারি মাসে এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে।

সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২৫ সালের মে মাসে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল একই বছরের ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৪২ লাখ ৭০ হাজার ডলার।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বাড়ার ধারা লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

অতীতে যারা অর্থ পাচার করেছে, তাদের পাচারকৃত অর্থ ফেরত আনার পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে মিডিয়ার ট্রায়াল শুরু হয়। এর ফলে পাচারকারীরা সামাজিকভাবে অপদস্থ হতে শুরু করে। এতে বার্তা যায়, যেই অর্থ পাচার করুক, একসময় তাকে আইনের আওতায় আসতেই হবে। এতে রাজনৈতিক ছত্রছায়ায় অর্থ পাচার কমে আসে। এর সরাসরি প্রভাব পড়ে হুন্ডির ওপর।

হুন্ডি কারবারিরা আর পাচারকারীদের কাছ থেকে বাড়তি দামে প্রবাসীদের কাছ থেকে ডলার কিনছে না। ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠাচ্ছেন।

এ ছাড়া গত সরকারের শেষ দিকে প্রবাসী আয় বাড়ার জন্য বেশ কিছু বাধা-নিষেধ প্রত্যাহার ও প্রবাসী আয়ের প্রণোদনা বাড়ানো হয়। তখন থেকেই প্রবাসী আয় ধীরে ধীরে বাড়তে থাকে। তবে তার অব্যবহিত পর দেশে সরকারবিরোধী আন্দোলনের ঢেউ বিদেশে প্রভাব ফেলে। ফলে সম্ভাবনা তৈরি হলেও প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসী আয়ে সেই সুফল পাওয়া শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে যথাক্রমে ২১.৬১ বিলিয়ন ও ২৩.৯১ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় ৩০.৩২ বিলিয়ন ডলারে। আর চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসেই এসেছে ১৯.৪৩ বিলিয়ন ডলার প্রবাসী আয়।

প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবাসী আয়ের ইতিবাচক ধারাও অব্যাহত থাকবে।