সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ‘ভালো’, এমন দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো ধরনের অসুবিধা ‘হবে না’।
তিনি দাবি করেন, নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে, তা রাজনৈতিক দলগুলোর ‘নিজেদের সমস্যার’ কারণে হচ্ছে।
রোববার দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হন।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের খবরের মধ্যে জানুয়ারি মাসে মোট ৬৪টি নির্বাচনি সহিংসতার তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
শনিবার দেওয়া তথ্যে এসব সহিংসতায় চারজনের মৃত্যু, ৫০৯ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। আর ডিসেম্বর মাসে সারাদেশে সাতটি সহিংসতায় একজনের প্রাণহানির পাশাপাশি ২৭ জন আহত হয়েছিলেন।
নির্বাচন ‘খুবই সুষ্ঠু ও উৎসবমুখর’ হবে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। নির্বাচনকালীন সহিংসতাগুলো রাজনৈতিক দলের নিজেদের ভেতরের সমস্যার কারণে হচ্ছে।”
সহিংসতা বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি যেন শান্ত থাকে সেজন্য সকল পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, এখানে সমুদ্র আছে, সমতলভূমি আছে, পাহাড়ও আছে। এখানে সবধরনের ফোর্সের ব্যবস্থা করা হয়েছে।
“নেভি, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পাহাড়ি এলাকায়ও সেনাবাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হচ্ছে দুর্গম এলাকায় জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য।
“যে জায়গায় যেরকম পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হয়েছে।”
জাতীয় সংসদ নির্বাচন ‘লেভেল প্লেয়িং ফিল্ড‘ নিশ্চিত করা হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু অনেক আগের শব্দ। কতগুলি শব্দ কিন্তু সবসময় ইউজ হয়। কেউ বলছে ফিল্ড লেভেল, কেউ বলছে লেভেল না। বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। এবং ইলেকশনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।”
চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এইা আয়োজনে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।