জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল স্নাতক ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।
সংশোধিত গুরুত্বপূর্ণ সময়সূচি অনুযায়ী, অনলাইনে প্রাথমিক আবেদন ও ফরম সংগ্রহের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, আবেদন ফি (১ হাজার টাকা) জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চয়ন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি, কলেজ কর্তৃক আবেদন ফি’র নির্ধারিত অংশ সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত শর্ত ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রফেশনাল (Professional) অপশনে এডমিশন গাইডলাইন (Admission Guideline) লিংকে পাওয়া যাবে।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।