শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

সংস্কৃতি

বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’

 প্রকাশিত: ১৮:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’

সময়ের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’ চলতি সপ্তাহেই বাজারে আসছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪, নির্ধারিত মূল্য ২৬০ টাকা। পাইকারি ক্রয়ের জন্য নাফিউন ডটকম এবং খুচরা ক্রয়ের জন্য রকমারি, ওয়াফিলাইফ-সহ অনলাইন অফলাইনে যেকোনো বুক শপের মাধ্যমে ক্রয় করা যাবে।

বইটির পটভূমি সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন মুসলিমের ‘ঈমান থেকে জানাযা’ পর্যন্ত যাপিত জীবনের সকল প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান এক মলাটে নিয়ে আসা। তবে বিষয়টির ব্যাপকতা বিবেচনা করে তিনি কাজটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ঈমান’ নিয়ে এই স্বতন্ত্র বইটি প্রকাশিত হলো। আগামীতে ইবাদত, লেনদেন, আখলাক ও আধ্যাত্মিকতা নিয়ে ধারাবাহিকভাবে বই রচনার পরিকল্পনা রয়েছে তার।

বইটিতে এগারোটি অধ্যায় রয়েছে। ঈমানের পরিচিতি, আরকানুল ঈমান, আখেরাত, তাওহিদ, ঈমান ভঙ্গের কারণ, নিরানব্বই নামের ব্যাখ্যা, আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়, ঈমানের শাখা-প্রশাখা, শির্কের ভয়াবহতা এবং আধুনিক যুগের নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণ এবং পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ বিবরণ দেয়া হয়েছে। 

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর দেখে নাবিক যেভাবে গন্তব্য খুঁজে পায়, তেমনই ঈমানের আলো আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। অস্থির ও সংশয়পূর্ণ এই সময়ে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজছেন, তাদের জন্য এই বইটি একটি নতুন যাত্রার সূচনা করবে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বইটি প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহর আগের বইগুলোর ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘ঈমানের অপরিহার্য পাঠ’ বইটি নিয়েও পাঠকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।