শিক্ষার্থীদের পাশে সমাজ এগিয়ে এলে মানবিক ও দক্ষ প্রজন্ম গড়ে উঠবে : খাদ্যমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পারলে, দেশ যোগ্য, মানবিক ও দক্ষ প্রজন্ম পাবে।
তিনি বলেন, শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের ওপরই একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুমিল্লার নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, কেবল পাঠ্যপুস্তক নয়, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে, শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, একটি সাধারণ স্কুল ব্যাগও একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে বড় প্রেরণা হিসেবে কাজ করতে পারে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার প্রসারে এগিয়ে আসেন, তাহলে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন সম্ভব।
আয়োজকদের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশীদ আরও বলেন, এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রয়োজনেও পরিবর্তন এসেছে। প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ ও সামগ্রী সরবরাহ করা অত্যন্ত জরুরি। তবেই তারা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে।
নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য খাত দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করে। এ সব খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে, কৃষকের জীবনমান উন্নত হবে এবং দেশের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. জহিরুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।