সাতক্ষীরায় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মধু আহরণকালে আটক ১১
জেলায় আজ নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণকালে ১১ ব্যক্তিকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।
এ সময় ২৮ ড্রাম মধুসহ দু’টি নৌকা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সুন্দরবনের টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন পিনমারী খাল থেকে তাদেরকে আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের প্রাণীকুলের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন পিনমারী খাল এলাকায় মধু সংগ্রহকালে গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা ১১ জনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২৮ ড্রাম মধু ও দু’টি নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের বানছার উদ্দিন গাজীর ছেলে আমজাদ হোসেন (৬৪), একই গ্রামের হাকিম শেখের ছেলে কামরুল শেখ (৪৫), মতিয়ার রহমান গাজীর ছেলে আল আমিন গাজী (৪০), আব্দুল হাকিম শেখের ছেলে আহছান হাবিব (৩৫), হায়াত আলী গাজীর ছেলে রাব্বানী গাজী (৩৫), মৃত হাজের গাজীর ছেলে হায়াত আলী গাজী (৬০), হাকিম শেখের ছেলে মোবারক শেখ (৩২), মতিয়ার রহমানের ছেলে বাবলুর রহমান (৩০), মৃত সোহরাফ খাঁর ছেলে মনিরুল খাঁ (৩৮), মৃত এশার মালীর ছেলে আবিয়ার মালী (৪৫) ও গোলজার গাজীর ছেলে কবিরুল ইসলাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের বুড়িগোয়ালিনী সহকারী স্টেশন কর্মকর্তা এরফান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।