বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

জাতীয়

টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা

 প্রকাশিত: ১৪:০০, ১১ জুন ২০২৬

টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা

টানা ৫৮ দিনে নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার সাগরে মাছ ধরতে নামবেন ভোলার জেলেরা।

বৃস্পতিবার (১১ জুন) রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে।

জেলেদের জালে মাছ উঠবে, ঘাটে জমজমাট কেনাবেচা হবে এমন প্রত্যাশার পাশাপাশি স্থানীয় আড়তগুলোতেও ফিরবে কর্মচাঞ্চল্য। 

তবে একই সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগও রয়েছে মৎস্যজীবীদের মধ্যে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল সাগরে ৪২০ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন, বংশবৃদ্ধি ওবং  সংরক্ষণের লক্ষ্যে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়, যা শেষ হচ্ছে আজ রাতেই। 

দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও মাছ ধরার সুযোগ পাওয়ায় তারা আশাবাদী।

সাগরমুখী জেলে ইদ্রিস মাঝি ও ইশতিয়াক বলেন, আমরা নিশেধাজ্ঞা মেনে বেকার ছিলাম, এখন ১০ লাখ টাকা খরচ করে জাল নৌকা মেরামত করে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভালো মাছ পাবো।

সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া গেলে আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

তবে এই আনন্দের মাঝেও রয়েছে উদ্বেগ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ট্রলার পরিচালনার খরচ বেড়েছে। এতে মাছ ধরার ব্যয় আগের তুলনায় অনেক বেশি হবে বলে জানিয়েছেন জেলেরা। 

জেলে বেলায়েত ও মিরাজ বলেন, মাছ শিকারে খরচ বেড়েছে, আগে যেখানে খরচ হতো ১০ হাজার টাকা সেখানে খরচ বেড়ে হয়েছে ১৫ হাজার টাকা।এর মধ্যে ইলিশের সংকট আরও দুশ্চিন্তায় ফেলেছে।

মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সাগরে মাছ ধরায় এখন আর বাধা নেই, আশা করা হচ্ছে বেশি মাছ ধরা পড়লে জেলেদের আর্থিক সংকট দূর হবে। কারণ এবার আমাদের অভিযান সফল হয়েছে।