ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা
ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইহুদি রাষ্ট্রটির জেরুজালেম, বিয়ারশিবা ও তেল আবিব শহরের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
টাইমস অব ইসরায়েল জানায়, এদিন স্থানীয় সময় সকাল ৭টার পরে ইসরায়েলের জেরুজালেম, বিয়ারশিবা ও তেল আবিবসহ বিস্তৃত এলাকাজুড়ে সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা গেছে।
আইডিএফ জানিয়েছে, ইরান রোববার রাতে তেহরান ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে।
ইসরায়েলি এ হামলার জবাবে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্যস্থল করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এবার তাদের সঙ্গে ইয়েমেনের হুতিরাও যোগ দিয়ে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এসব ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে বলে কোনো খবর হয়নি।
ইসরায়েলের জরুরি সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটিতে বা অন্য কোথাও কেউ আহত হয়েছে বলে তাদের কাছে কোনো খবর আসেনি।
এমডিএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সাইরেনের শব্দ শুনে আশ্রয়ের জন্য দৌঁড়ে যাওয়ার সময় পড়ে এক ব্যক্তি আহত হয়েছে আর তারা তাকে চিকিৎসা দিচ্ছে।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ক্ষেণাস্ত্রটি তারা সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করতে পেরেছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এসব ক্ষেপণাস্ত্রও তারা বাধা দিয়ে ধ্বংস করেছে বলে দাবি আইডিএফের।
ইরানের এ হামলার পর তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েল ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি ইস্পাহান, তাবরিজ শহরে বিমান হামলা চালায়।
৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল যা সহসাই থামবে না বলে ধারণা পর্যবেক্ষকদের।