হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে।
এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়াল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত পাঁচ মাস বয়সী মুনজেরিন সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল মালিকের মেয়ে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া একই সময়ে হামের সন্দেহভাজন আরও ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ২৫৯ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।