শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

রাজনীতি

ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩

 প্রকাশিত: ১৩:১৬, ৬ জুন ২০২৬

ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও সভাকে কেন্দ্র করে সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ফটিকছড়ি থানায় শুক্রবার রাতে পুলিশের করা ওই মামলায় মোট ১১৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মত বিনিময় সভা এবং মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

“এরমধ্যে জামান বাবু ও সাইফুল ইসলাম নামের দুজনসহ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে ওই মতবিনিময় সভা করে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ।

‘ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে’ ব্যানারে ওই মত বিনিময়সভা হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নিযেছিলেন। ওই সভার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া বৃহস্পতিবার সকালে রোসাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। সেসময় পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

এই দুটি ঘটনার কথা উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।

এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম, ফটিকছড়ি আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক ছাত্রলীগ নেতা বখতেয়ার সাইদ ইরান ও উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সাবেক মেয়র মনজুর আলমকে আসামি করার বিষয়ে জানতে চাইলে ওসি মো. রবিউল আলম বলেন, “যেখানে ওই সভা হয়েছে সেটি মনজুর আলমের প্রতিষ্ঠান।”

এই মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।

মামলার এজাহারে রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রস্তুতি নেয়ার অভিযোগ করা হয়।