শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইসলাম

রমজানে অন্তরের শুদ্ধতা অর্জনের অপরিহার্যতা

 প্রকাশিত: ১০:৪৫, ৬ মার্চ ২০২৬

রমজানে অন্তরের শুদ্ধতা অর্জনের অপরিহার্যতা

নিজেকে শুদ্ধ করার মাস পবিত্র মাহে রমজান। যা অর্জনের পূর্বশর্ত হলো, নির্মল ও বিদ্বেষমুক্ত অন্তর। কারণ অন্তরে বিদ্বেষ নিয়ে তাকওয়া অর্জন করা যায় না। আল্লাহর রহমত পাওয়া যায় না। তাই সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় বিদ্বেষমুুক্ত থাকার চেষ্টা করতেন। বিশেষ করে রমজান এলে তারা নিজেদের ভাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করার চেষ্টা করতেন। 

আবদুর রাযযাক (রহ.) তার মুসান্নাফ এবং ইবনু আবদিল বার (রহ.) আত-তামহিদ গ্রন্থে বর্ণনা করেন, ইবনে মাসউদ (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনারা কীভাবে রমজানকে বরণ করতেন?’ 

তিনি বলেন, ‘আমাদের কেউ তার অন্তরে মুসলিম ভাইয়ের প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ রেখে রমজানের চাঁদকে বরণ করার সাহস করত না।’

এ ছিল তাদের আত্মশুদ্ধির মানদণ্ড। কারণ বিদ্বেষপূর্ণ হূদয় নিয়ে ইবাদত করলে তা পূর্ণতা পায় না। আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত থাকে। যখন আল্লাহ তাঁর বান্দাদের সাধারণ ক্ষমা করেন, তখনও বিদ্বেষ পোষণকারীরা সে রহমত থেকে বঞ্চিত হয়। যেমন, লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে হাদিসে এসেছে, যে সে রাতে মহান আল্লাহ তাঁর সব বান্দাদের ক্ষমা করে দেন, মুশরিক ও বিদ্বেষপোষণকারীরা ছাড়া। (ইবনে মাজাহ, হাদিস : ১৩৯০)

বোঝা গেল, পরস্পর হিংসা-বিদ্বেষ, শত্রুতা পোষণ মানুষের আধ্যাত্মিক জীবনেও প্রভাব ফেলে। তাই পবিত্র রমজানে আল্লাহর বিশেষ রহমত পেতে এ ধরনের অভ্যাস ত্যাগ করা উচিত। ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা উচিত। 

অন্য হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পরকে হিংসা করবে না, একে অপরের সাথে শত্রুতা পোষণ করবে না, সুপ্তদোষ সন্ধান করবে না, গুপ্ত ভুল-ভ্রান্তি অনুসন্ধান করো না এবং পরস্পরকে ধোকায় ফেলবে না। আর তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ হয়ে থাকো।’ (মুসলিম, হাদিস : ৬৪৩২)

তা ছাড়া পরস্পর হিংসা-বিদ্বেষ মুসলিম সমাজকে দুর্বল করে তোলে। এ ব্যাপারে সতর্ক করতে গিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য কর এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সুরা আনফাল, আয়াত : ৪৬)

এ আয়াত স্পষ্ট করে যে, পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষ উম্মাহর শক্তি ধ্বংস করে দেয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবখানেই এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই মুমিনের দায়িত্ব হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা। অপর মুসলিমদের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হলে তাদের মধ্যে সমঝোতা করে দেওয়ার চেষ্টা করা। 

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে।’ (সুরা হুজুরাত, আয়াত : ১০)

হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা পরস্পরকে ঘৃণা করো না, পরস্পর হিংসা করো না, একে অপরের গোয়েন্দাগিরি করো না, বরং আল্লাহর বান্দারা পরস্পর ভাই ভাই হয়ে যাও। যে কোনো মুসলিমের জন্য তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছেদ করা জায়েজ নয়। (আবু দাউদ, হাদিস : ৪৯১০)

উল্লিখিত আয়াত ও হাদিস প্রমাণ করে যে, মুসলমানদের মধ্যে সম্পর্ক সংশোধন করা ও নিজেকে ঝগড়া ফ্যাসাদ থেকে মুক্ত রাখা ঈমানের দাবি। ক্ষেত্র বিশেষে সম্পর্কের সংশোধন ও অন্তরের পরিশুদ্ধতাকে নামাজ- রোজার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বললেন, আমি কি তোমাদের রোজা, নামাজ, সদকার চেয়েও ফজিলতপূর্ণ কাজের কথা বলবো না? সাহাবিগণ বললেন, হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসুল! তিনি বলেন, পরস্পরের মধ্যে মীমাংসা করা। আর পরস্পরের মধ্যে ঝগড়া বাধানো ধ্বংসের কারণ। (আবু দাউদ, হাদিস : ৪৯১৯)

মহান আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জনের তাওফিক দান করুন। আমলের সংশোধনের পাশাপাশি সম্পর্কগুলোর সংশোধন করারও তাওফিক দান করুন। আমিন।