ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ অভিযান শুরু করার সময় তাদের মূল লক্ষ্য ছিল তেহরানের শাসনব্যবস্থা দ্রুত পরিবর্তন করা।
এই লক্ষ্য হয়ত এখন কাগজে-কলমে আছে। তবে ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক সব বার্তায় যে ইঙ্গিত মিলছে তাতে দেখা যাচ্ছে, আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে এখন নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে তাদেরকে।
মাঠ পর্যায়ের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, এই অভিযানের ফলে ইরানের ভেতরে শাসনব্যবস্থার পতনের জন্য যে জনরোষ বা অস্থিরতা তৈরি হবে বলে ধারণা করা হয়েছিল, তেমনটি ঘটেনি।
উল্টো চার দিনে গড়ানো যুদ্ধ গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামি শাসনব্যবস্থাও স্থিতিশীল আছে, এমনকি ইরান শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাতও হেনে যাচ্ছে।
এ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পুরোনো হিসাব নতুন করে মেলাতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন এবং তেহরানের আলোচনার প্রস্তাব মানার সম্ভাবনা নিয়ে তাদের আগের ধারণা এখন আর খাটছে না।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামলায় নিহত হওয়ার পর ইরানও আলোচনার কোনও সম্ভাবনা দেখছে না। তাছাড়া, আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় ইরানের প্রতিক্রিয়া অনেকটা শীতল।