শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

শিক্ষা

এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছাল

 প্রকাশিত: ১৫:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছাল

শিক্ষাক্রম পরিবর্তন আর বছরের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্ব হওয়ার পর ২০২৬ সালের এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছানো হয়েছে।

আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ১ সেপ্টেম্বর। আর ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনি পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সংশোধিত এ শিক্ষাপঞ্জি সোমবার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”

শিক্ষাক্রম পরিবর্তন এবং বছরের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্ব কারণেই প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছানো হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে গত ২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছিল, সেই অনুযায়ী ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রাক নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা ছিল।

তবে নতুন সূচি অনুযায়ী, ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার ফল প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।

পুরনো সূচিতে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে, যার ফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে।

তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে ২৭ জুলাই। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে ২০২৪ সালে নবম শ্রেণিতে বিভাগ-বিভাজন তুলে দেওয়া হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম ‘বাস্তবায়ন যোগ্য’ নয় বলে ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তরফে ঘোষণা আসে, যেখানে বিভাগ বিভাজন ফিরিয়ে আনার কথা বলা হয়।

ফলে ২০২৪ সালে যেসব শিক্ষার্থী নবম শ্রেণিতে পড়ছিলেন, তারা পরের বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভাগ হয়ে দশম শ্রেণিতে পড়ছেন। উদ্ভূত পরিস্থিতিতে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এর আগে সাধারণত নবম শ্রেণিতে যে বই দেওয়া হতো- তাই এসএসসি পর্যন্ত পাঠ্য ছিল শিক্ষার্থীদের।

প্রথমবারের মতো দশম শ্রেণিতে যে বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তা পরিমার্জনে দেরি হওয়ায় বছরের শুরুতেই সব বই হাতে পাননি শিক্ষার্থীরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দশম শ্রেণির ৯৫ শতাংশ বই জানুয়ারির মধ্যেই পাঠানো হয়েছে। অল্প কিছু বই ছিল, সেগুলো ফেব্রুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা হাতে পেয়েছ।”