পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ বলেছেন, আমাদের দেশ কৃষিনির্ভর এবং কৃষকদের বর্ষপঞ্জি বাংলা মাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই বাংলা নববর্ষের দিন (পহেলা বৈশাখে) কৃষক কার্ড উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শনিবার সকালে রাজবাড়ীর মাছপাড়া হাইস্কুল প্রাঙ্গণে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছেন—ঘোষক থেকে শুরু করে সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। লাখো মানুষ যারা গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই মাসকেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য বেছে নিয়েছি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এক দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের সমন্বয় না থাকায় অনেক ক্ষেত্রে কেউ কারও সঙ্গে কথা বলেন না, ফলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এ অবস্থার উন্নতি ঘটাতে চাই। এজন্য ক্লাস্টার ভিত্তিক সমন্বয় গড়ে তুলতে হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন জারি করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কৃষকদের উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।