বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন নাকচ করে দিলেন হালান্ড
আর্লিং হালান্ডের এর এজেন্ট রাফায়েলা পিমেন্টা বলেছেন, বার্সেলোনায় যাওয়ার বিষয়ে তার ক্লায়েন্টকে নিয়ে কোনো আলোচনা হয়নি।
বার্সেলোনার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট দাবি করেছিলেন, যদি হালান্ড ম্যানচেস্টার সিটি ছাড়তে চান তাহলে তাকে দলে ভেড়ানোর জন্য তিনি একটি “প্রেফারেনশিয়াল অপশন” নিয়ে আলোচনা করবেন।
তবে পিমেন্টা বৃহস্পতিবার স্পেনের টিভি চ্যানেল লা সেকটাকে বলেন, হালান্ড বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খুব আনন্দেই আছেন। কয়েক মাস আগেই তিনি ক্লাবটির সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন।
তিনি বলেন, “বার্সেলোনার প্রতি আমাদের অনেক সম্মান ও শ্রদ্ধা রয়েছে, কিন্তু সম্ভাব্য ট্রান্সফার নিয়ে কোনো ধরনের যোগাযোগই হয়নি।
হালান্ড কয়েক মাস আগে চুক্তি নবায়ন করেছেন এবং সে ম্যানচেস্টার সিটিতে খুবই সুখী। সবকিছু তার জন্য খুব ভালো চলছে।”
অন্যদিকে ফন্ট জানান, তিনি নির্বাচিত হলে হালান্ডকে দলে আনার চেষ্টা করবেন। বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটগ্রহণ হবে রোববার।
ফন্ট বলেন, “হালান্ড বর্তমানে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। স্বল্পমেয়াদে তাকে আনা সম্ভব নয়, কারণ সে সিটির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। তবে এমন প্রতিভাবান খেলোয়াড় যদি কখনো পাওয়া যায়, সেই মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, হালান্ড আগে স্পেনে খেলার ইচ্ছার কথা বলেছেন এবং ক্যাম্প ন্যু স্টেডিয়ামটি তার খুব পছন্দ।