১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৩৪১ টাকায়। এতদিন এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বিইআরসি সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক আরোপ করায় দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
কমিশনের আদেশ অনুযায়ী, বেসরকারি এলপিজির খুচরা পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ঠিক করা হয়েছে ১১১ টাকা ৭৯ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা।
এ ছাড়া সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে ৬১৫ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৭৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৩১ টাকা।
রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ প্রতি কেজি ১০৮ টাকা ৪ পয়সা ঠিক করা হয়েছে।
পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা ঠিক করেছে কমিশন।
বিইআরসি বলছে, সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের দাম সমন্বয় করে ৭৭৬ টাকা ৯৩ পয়সা ঠিক করা হয়েছে। এ সিলিন্ডার আগে ৮২৫ টাকায় বিক্রি হচ্ছিল।
এর আগে ২ ফেব্রুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পরে ১৬ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এলপিজি আমদানিতে নতুন মূসক হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।