লালমনিরহাট বিজিবি`র অভিযানে ভারতীয় সিরাপ ও জিরা জব্দ
জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ -এর পৃথক পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ ও আয়ুর্বেদিক সিরাপসহ জিরা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির তিনটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন ক্রান্তির কুটি (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম), ২৩ ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী (থানা ও জেলা-লালমনিরহাট) এবং ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ২০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন ক্লিনিকমোড় (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে টহলদল সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৩৮ বোতল, আয়ুর্বেদিক সিরাপ ১৬ বোতল এবং জিরা ৯ কেজি জব্দ করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ১৫ হাজার ২০০ টাকা, আয়ুর্বেদিক সিরাপের ৮ হাজার টাকা এবং জিরার ৯ হাজার টাকা—মোট সিজার মূল্য ৩২ হাজার ২০০ টাকা।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসসকে বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।