হেটমায়ার-পাওয়েলের তান্ডবে জয় দিয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
শিমরোন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের ব্যাটিং তান্ডবে বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সুপার এইটে গ্রুপ-১’এ নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের নজির গড়ল ক্যারিবীয়রা। হেটমায়ার ৩৪ বলে ৮৫ ও পাওয়েল ৩৫ বলে ৫৯ রান করেন।
মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ রানে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৯ ও অধিনায়ক শাই হোপ ১৪ রানে থামেন। তৃতীয় উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর তান্ডব চালান হেটমায়ার ও পাওয়েল। ৫২ বলে ১২২ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেন হেটমায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতক এটি।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৭টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৮৫ রান করেন দু’বার জীবন পাওয়া হেটমায়ার। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৫৯ রান করেন পাওয়েল। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ১৩ বলে ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ২১ ও জেসন হোল্ডার ৪ বলে ১৩ রান করলে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এখনো শ্রীলংকার দখলে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে জোহানেসবার্গে ৬ উইকেটে ২৬০ রান করেছিল লংকানরা।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ১৯টি ছক্কা মারেন। যা টি টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা ছিল নেদারল্যান্ডসের। বল হাতে জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি ২টি করে উইকেট নেন।
২৫৫ রানের টার্গেটে ৫২ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। শুরুর ধাক্কা পরের দিকের ব্যাটাররা সামাল দিতে না পারলে ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
আট নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্র্যাড ইভান্স। ২১ বলে ২টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ২৮ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন হেটমায়ার।