বেতন-ভাতার দাবিতে পল্লবীর সড়কে শ্রমিকরা
রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ‘এস এম ফ্যাশন’ নামে ওই কারখানার শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের সড়কে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশের মধ্যস্থতায় বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার তথ্য দেন পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান।
তিনি বলেন, “আগামী বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে বলে জানিয়েছে মালিকপক্ষ। আমাদের উপস্থিতিতে শ্রমিক নেতা ও মালিক পক্ষ আলোচনা করেছেন।
“মালিকপক্ষের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে চলে যান, পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।”
পল্লবী ৭ নম্বর সেকশন এলাকার ওই কারখানার শ্রমিকদের অভিযোগ, গত জানুয়ারি মাসের বেতন ও ওভারটাইমের ভাতা বকেয়া পড়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ সেসব পরিশোধ করেননি।
পুলিশ বলছে, এমনিতে কারখানার শ্রমিকরা নিয়মিতই বেতন-ভাতা পেয়ে আসছিলেন। হঠাৎ করে এক মাসের ভাতা বকেয়া পড়ায় রোজার মধ্যে সড়কে নেমেছে তারা।