লালমনিরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহে ৯৬ জনকে পুরস্কার প্রদান
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৯৬ জন শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন মিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. রকিবুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার এবং জেলা গার্ল গাইডস কমিশনার ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরমিন আরা হক বীথি।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্কাউট, গার্ল গাইড, রোভার ও বিএনসিসি ক্যাটাগরির বিজয়ীরা।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে এবং পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ জোগায়।