দায়িত্ব নিলেন ছয় সিটির প্রশাসক
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তারপর দায়িত্ব নিয়েছেন ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান, খুলনার নজরুল ইসলাম মনজু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন খান ও গাজীপুরের শওকত হোসেন সরকার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “যেহেতু এইসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে (সিটি করপোরেশনের প্রশাসক পদে) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা ভালোভাবে পাবে এবং বেশি পাবে… এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসকভাবে নিয়োগ দিয়েছি।”
এছাড়া এতে করে জনগণের সঙ্গে ‘পার্থক্যও কমে আসবে’ বলেও মনে করেন তিনি।
সোমবার ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়নগঞ্জ ও গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।