বইমেলা ২০ ফেব্রুয়ারিই শুরু, ‘৬০ শতাংশ প্রস্তুতি’ সম্পন্ন
নির্বাচনের পর রোজার মধ্যে ফেব্রুয়ারির ২০ তারিখেই শুরু হবে এবারের অমর একুশে বইমেলা।
ইতোমধ্যে বইমেলা আয়োজনের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে।
বৃহস্পতিবার একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বইমেলার প্রস্তুতির সবশেষ অগ্রগতি তুলে ধরা হয়।
বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন, গতবছর যেসব প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণ করেছিল, তাদের মধ্য থেকে ৫২৭টি এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠানিএবার বইমেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে স্টলের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে পুরনো ৫২৭টি এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে।
এছাড়া সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের জন্য স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রকাশকদের একটি অংশ থেকে বইমেলা ঈদের পর আয়োজনের দাবি জানানো হলেও মেলার তারিখে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি বলে সেলিম রেজা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "বইমেলা আয়োজনের কাজ যখন প্রায় ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু সম্মানিত প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজন করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। আমরা প্রকাশকদের বক্তব্য শুনেছি। তাদেরকে বলা হয়েছে–কেন ঈদের পর বইমেলা আয়োজন করা দুরুহ।
"তখন এপ্রিল মাস এসে যাবে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে। ধুলোবালির উপদ্রব বাড়ে। কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে প্রবল। এই সময় মাসব্যাপী বইমেলার আয়োজন করা বাস্তবসম্মত নয়।"
সংবাদ সম্মেলন থেকে মেলার সময় নিয়ে ভিন্নমত প্রকাশকারী প্রকাশকদের অনুরোধ করা হয়, তারা যেন কিছুটা চ্যালেঞ্জ থাকলেও বইমেলায় অংশ নিতে এগিয়ে আসেন।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, "প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫% কমানো হয়েছে। যদিও বইমেলা আয়োজনের সার্বিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।"
বইমেলার সদস্য-সচিব সেলিম রেজা বলেন, "দীর্ঘকাল ধরে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে।
"মাসব্যাপী এই বইমেলা ও অনুষ্ঠানমালা এখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। কিন্তু অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মত এ বছর বইমেলা পহেলা ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি। বইমেলা শুরু হচ্ছে ২০শে ফেব্রুয়ারি থেকে।"
ইতোমধ্যে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির একাধিক বৈঠক হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে সকল আয়োজন ‘প্রত্যাশা অনুযায়ী’ সম্পন্ন হয়েছে। বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পাওয়া গেছে। স্টল নির্মাণ চলছে। বইমেলার আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের চিঠি দেওয়া হয়েছে।
বাংলা একাডেমির পরিচালক সরকার আমিনসহ অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।