বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

জাতীয়

আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ

 প্রকাশিত: ১২:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সংর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২দিকে নগরীর তেমুখী এলাকায় কামারগাঁও এবং সাহেবেরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত দেড়টার দিকে শেষ হয় বলে জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাত ১২টার দিকে কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে কুমারগাঁওয়ের লোকজনের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের লোকজনের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের লোকজন যুক্ত হন।

সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এক পক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা প্রথমে চেষ্টা করে দুই গ্রামবাসীকে থামাতে পারেনি। পরে রাত একটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

তখন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, " প্রথমে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক বলে অনেকে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত সে রকম তথ্য পায়নি। দুই কিশোরের ঝগড়ার মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে।

দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে এ সংঘর্ষ ঘটে পরে পার্শ্ববর্তী গ্রামের মানুষরাও জড়িয়ে পড়েন।"

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।