ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: নওগাঁয় জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নতুন করে কোনো দুর্নীতি সহ্য করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের এ.টিম মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, তার পুরোনো এক্স আইডি হ্যাক করে গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে পরাধীন করে রাখতে চায়, তারাই এ ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
তিনি জানান, জামায়াতের সাইবার টিম ইতোমধ্যে বিষয়টি শনাক্ত করেছে এবং জড়িতদের আটক করা হয়েছে।
কৃষিপ্রধান জেলা নওগাঁ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের মোট খাদ্যশস্য উৎপাদনের একটি বড় অংশ নওগাঁ থেকে সরবরাহ করা হলেও এ জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
শহরের প্রধান সড়ক ফোর লেনে উন্নীত করা এবং মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ভোটের মাধ্যমে সরকার গঠন করা হলে নওগাঁর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘কৃষক ও খামারিরা সংরক্ষণ সুবিধার অভাবে তাড়াহুড়ো করে ফসল বিক্রি করতে বাধ্য হন, ফলে ন্যায্যমূল্য পান না।’
এ সমস্যা সমাধানে ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট, একাধিক সংরক্ষণাগার এবং পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
পর্যটন খাতের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নওগাঁয় সম্ভাবনাময় অনেক দর্শনীয় স্থান থাকলেও অবহেলা ও দুর্নীতির কারণে পর্যটনের উন্নয়ন হয়নি। ভবিষ্যতে এই খাতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণরা কখনো ভাতা দাবি করেনি। তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, নারীরা যাতে নিরাপদ ও সম্মানজনক পরিবেশে চলাফেরা করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এখানে কোনো বৈষম্য থাকবে না।’
বেলা ১১টা ২৫ মিনিটে বক্তব্য শুরু করে দুপুর ১২টায় তিনি বক্তব্য শেষ করেন। পরে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের প্রার্থী খ. ম. আব্দুর রাকিব।
জনসভায় আরও বক্তব্য রাখেন- ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবি পার্টি’র আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মো. মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আবু সাদাত মো. সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মো. খবিরুল ইসলাম।
এছাড়া, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, ছাত্র শিবিবের কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি আ.স.ম মামুন শাহিন, মাওলানা মুফতি ইসরাফিল আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফাহমিনের মা কাজী নুলুন মাখমিনসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের অন্যান্য শহীদ ও আহত পরিবারের সদস্যরাও সমাবেশে উপস্থিত ছিলেন।