শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

জাতীয়

নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব

 প্রকাশিত: ১৮:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রস্তুতি তো থাকবেই। প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। এটা আমাদের সাধারণ দায়িত্ব।”

গেজেট প্রকাশের পর কবে নাগাদ শপথ হতে পারে— এমন প্রশ্নে তিনি বলেন, “শপথের তারিখ নির্ধারণ সংসদ সচিবালয়ের বিষয় নয়।

“এটা আমাদের বিষয় না, আমরা প্রস্তুত। যেদিন বলা হবে, সেদিনই শপথ অনুষ্ঠান আয়োজন করতে পারব।”

সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, নির্বাচনের ফল গেজেটে প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়।

গেজেটের প্রস্তুতি ইসির

শুক্রবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশে চট্টগ্রামের দুটি আসনের ফল পরে দেওয়া হবে।

তিনি বলেন, “আজকের মধ্যে ২৯৭ জনের গেজেট প্রকাশ করা হতে পারে।”

ইসি ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

২৯৭ আসনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

শপথ কে পড়াবেন

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বর্তমানে মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও মামলার আসামি হিসেবে কারাগারে।

এ অবস্থায় শপথ পাঠ কে করবেন, এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “১৪৮ এর ৩ ধারায় বলা হয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকার যদি না পড়ান, বা তারা পড়াতে অসমর্থ হন, বা না থাকেন, তাহলে তিন দিন পরেও চতুর্থ দিন থেকে পরবর্তী দিন প্রধান নির্বাচন কমিশনারই শপথ পাঠ করাবেন।”

সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের পর নির্বাচিত ব্যক্তিরা সংসদ সদস্য হিসেবে গণ্য হলেও তাদের কার্যকাল শুরু হবে সংসদের প্রথম অধিবেশনের দিন থেকে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। শপথের পরেই নতুন সংসদের অধিবেশন ডাকার প্রক্রিয়া শুরু হয়।

সংসদ ভবনে প্রস্তুতি

শপথ অনুষ্ঠান সামনে রেখে জাতীয় সংসদ ভবনে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অবকাঠামোগত সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও করা হয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, শপথের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর কাজ করছে। স্পিকার ও রাষ্ট্রপতির অফিসকক্ষ, সরকারি ও বিরোধীদলের সভাকক্ষ, অধিবেশন কক্ষ ও শপথ কক্ষ ব্যবহারের উপযোগী করা হয়েছে।