১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা
জুলাই যোদ্ধাদের পাশাপাশি বিগত ১৭ বছরে নির্যাতিত বিএনপির নেতাকর্মীর জন্যও বরাদ্দ রাখার দাবি তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।
বাজেটকে ‘বাস্তবসম্মত’ আখ্যা দিয়ে ফরিদপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, “এটি একটি দিবাস্বপ্ন নয়। এটি একটি বাস্তব, বাস্তববাদী বাজেট। এই বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়ন হওয়া সম্ভব।”
তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে। কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছেন, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন।”
তার মতে, জুলাই আন্দোলনে হতাহতদের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারগুলোরও স্বীকৃতি প্রয়োজন।
বাজেটের প্রশংসা করে শামা বলেন, এবারের প্রস্তাবনায় শুধু আয়-ব্যয়ের হিসাব নেই; মানুষের জীবনমান, অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষার দিকও গুরুত্ব পেয়েছে।
নারী ও দরিদ্রবান্ধব উদ্যোগগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, বাজেটের মানবিক চরিত্র মাঠপর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে।
বিরোধীদলের সমালোচনার জবাবে শামা বলেন, বাজেট নিয়ে সমালোচনা হতে পারে; তবে তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে করা দরকার।
“দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক চাপ ও প্রশাসনিক দুর্বলতার পর এই বাজেট দেওয়া হয়েছে। তাই শুধু আকার বা সংখ্যার দিক থেকে নয়, এর লক্ষ্য ও দিকনির্দেশনাও বিবেচনায় নিতে হবে।”