রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

খেলা

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন

 প্রকাশিত: ১৩:৫০, ২৮ জুন ২০২৬

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন

অনুমিতভাবে একাদশে অনেক পরিবর্তন আনলেন লিওনেল স্কালোনি। তবে ‘নিয়ম রক্ষার’ ম‍্যাচে জর্ডানের বিপক্ষে প্রত‍্যাশিত জয় পেল আর্জেন্টিনা। শেষ আধ ঘণ্টা খেলে ফ্রি কিকে চমৎকার গোলে দারুণ এক রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ডালাসে বাংলাদেশ সময় রোববার সকালে ‘জে’ গ্রুপের ম‍্যাচে ৩-১ গোলে জিতেছে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। তৃতীয় দল হিসেবে এবারের আসরে গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।

শিওভানি লো সোলসো দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব‍্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। শেষ দিকে জালের দেখা পান মেসি।

শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে শিরোপাধারীরা। ষষ্ঠ মিনিটে জালে বল পাঠান লো সোলসো। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল।

তবে এগিয়ে যাওয়ার জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন লো সোলসো।

৩১তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। গোলরক্ষক ডাইভ দেন উল্টো দিকে। ঠিক দিকে ডাইভ দিলেও হয়তো গতিময় শটের নাগাল পেতেন না তিনি।

ডি বক্সে মার্কোস সেনেসিকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি নিকোলাস ওতামেন্দি। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল।

দুই মিনিট পর মার্তিনেসের বাড়ানো বলে সুযোগ আসে হুলিয়ান আলভারেসের সামনে। বল পায়ে এগিয়ে গিয়ে সরাসরি গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন তিনি। আসরে নিজের প্রথম গোলের জন‍্য অপেক্ষা বাড়ে তার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান আলভারেস। মার্তিনেসের কাটব‍্যাকে জাল খুঁজে নেন তিনি। কিন্তু আক্রমণের শুরুতে মার্তিনেস অফসাইডে থাকায় মেলেনি গোল।

৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মার্তিনেসের শট বেরিয়ে যায় ক্রসবার ছুঁয়ে!

পরের মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে ব‍্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের ক্রসে বদলি খেলোয়াড় মৌসা আল-তামারি খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও বল ঠেকাতে পারেননি এমিলিয়ানো মার্তিনেস।

পাঁচ মিনিট পর তুমুল করতালির মধ‍্যে মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ৬৪তম মিনিটে ফ্রি কিক লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

৮০তম মিনিটে বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে জাল খুঁজে নেন মেসি। গোলরক্ষক ভেবেছিলেন দেওয়ালের উপর দিয়ে শট নেবেন আর্জেন্টাইন মহাতারকা। সেটা করেননি তিনি, দেওয়ালের পাশ ঘেঁষে বাঁকানো শট খুঁজে নেন জাল!

চেষ্টা করলেও পরে আর গোল করতে পারেনি আর্জেন্টিনা।

আগামী শনিবার মায়ামিতে শেষ বত্রিশে এই আসরের চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।