ক্বারী আবু রায়হানের ওপর হামলার তীব্র নিন্দা জমিয়তের
নিজস্ব প্রতিবেদক-
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকার সিনিয়র শিক্ষক এবং বিশিষ্ট ক্বারী, হাফেজ ও ইসলামি ব্যক্তিত্ব মাওলানা আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, একজন প্রবীণ আলেম, কুরআনের খাদেম ও দ্বীনি ব্যক্তিত্বের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। প্রায় ৭০ বছর বয়সী একজন সম্মানিত আলেমকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করা এবং তাঁর পা ভেঙে দেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।
নেতৃদ্বয় আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের মসজিদ, মাদ্রাসা, আলেম-উলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়ে সতর্ক অবস্থান জানিয়ে আসছে। সাম্প্রতিক এই হামলা ধর্মপ্রাণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।তারা বলেন, বিশেষ করে একজন প্রবীণ আলেমের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং দেশের ধর্মীয় অঙ্গনের জন্যও গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে আরও বলা হয়, মসজিদ-মাদ্রাসা ও আলেম সমাজের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, হয়রানি বা অন্যায় আচরণ দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। আইন ও সংবিধানের আওতায় থেকে আলেম সমাজ ও তৌহিদি জনতা সকল ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।জমিয়তের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে মাওলানা আবু রায়হানের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশের সকল আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।বিবৃতির শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে ক্বারী মাওলানা আবু রায়হানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আবেদন জানান।