সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম
বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’ বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “তারা সমঝোতা করছে, তারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।”
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর দিনে মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখছিলেন নাহিদ ইসলাম।
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়।
তবে মাঝে মাঝে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে।
যে কারণে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এদিন সারাদেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আইনমন্ত্রী বিচার করতে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী, তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের সুশীলসমাজকে তিনি ‘মিডিয়ায় স্পেস’ দিচ্ছেন।”
‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গগণহত্যার’ বিচারের দাবি তুলে এ সমাবেশ করে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য।
বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বিজয়নগরে তিন রাস্তার মোড়ে আয়োজিত সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এমপিও বক্তব্য রাখেন।
সমাবেশ চলাকালে পুরানা পল্টন মোড় থেকে কাকরাইলের দিকে আসার সড়কটি বন্ধ ছিল। পাশাপাশি বিজয়নগর থেকে কালভার্ট রোডটিও বন্ধ ছিল।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার। গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায়ও আমাদের বিচারের দাবিতে আজো রাজপথে হাজির হতে হচ্ছে।
“আওয়ামী লীগ বিগত ১৬-১৭ বছরে অসংখ্য গুম, খুন, গণহত্যা চালিয়েছে এই দেশের সাধারণ মানুষের ওপরে; বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপরে।”
“ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের মুখে পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে,” বলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের পদত্যাগ দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
তিনি বলেন, “এই সরকার, নতুন এই সরকার গঠিত হওয়ার পর গত চার মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যেই চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।”
আইসিটিতে নতুন ‘যোগ্য ও দায়িত্ববান’ ব্যক্তিকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি তুলে নাহিদ ইসলাম বলেন, সেই প্রসিকিউটর নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগের বিচার নিষ্পন্নের ব্যবস্থা করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবেন।
তিনি বলেন, “স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপির জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই সমানভাবে চালিয়ে যেতে হবে।”
সংস্কার, বিচার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে তারা সংসদ ও সংসদের বাইরে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন এনসিপি নেতা।
তিনি বলেন, “শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করব আমরা।”
সমাবেশে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারা জামায়াতের আমির শফিকুর রহমানের আহ্বানে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন।
তিনি বলেন, “আমরা বাংলাদেশে গৃহযুদ্ধ চাইনি বলে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। আমরা বিচার নিয়ে এক সেকেন্ডও কম্প্রোমাইজ করব না। বিচারের ক্ষেত্রে কোনো সমঝোতা হবে না।”