বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

আন্তর্জাতিক

চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের

 প্রকাশিত: ১৩:১৭, ১৮ জুন ২০২৬

চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের

সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মেনে না চললে ইরানের ওপর আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরান চুক্তি লঙ্ঘন করলে ওয়াশিংটন কোনো আইনি পদক্ষেপের বদলে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করবে।

আল জাজিরা জানিয়েছে, পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের অবসান ঘটাতে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই হুঁশিয়ারি আসে।

তিনি বলেন, "আমি তাদের জানিয়ে দিয়েছি— আমি বলেছি, ‘দেখুন, আপনারা যদি চুক্তি মেনে না চলেন, যদিও আমি এমনটা করতে চাই না— তবে আমরা আপনাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।"

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার ইংরেজি ও ফারসি ভাষায় তৈরি করা ওই সমঝোতা স্মারকে ডিজিটালি স্বাক্ষর করেছেন বলে মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে অন্তর্বর্তী চুক্তিটি কার্যকর হওয়া শুরু হয়ে গেছে।

ইরান চুক্তির শর্ত মেনে চলবে–এমন আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি না তারা চুক্তি থেকে বিচ্যুত হবে। আর আমি কী-ই বা করতে পারি? আমি কি বলব, তোমাদের বিরুদ্ধে আদালতে যাব? মামলা করব?”

“না, তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব। আমি সেটা চাই না। আমি চাই তারা চুক্তির প্রতি সম্মান দেখাক।"

রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে একটি জমকালো নৈশভোজ শুরুর আগ মুহূর্তে ট্রাম্প ওই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

জি৭ সম্মেলনে যোগ দিয়ে বর্তমানে ফ্রান্সে আছেন ট্রাম্প। ইরানকে আক্রমণ করার পেছনে তার দেওয়া অন্তত একটি যুক্তি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা ‘অন্যায্য’ হবে। অথচ আগে ইরানের এসব ক্ষেপণাস্ত্র নিশ্চিহ্ন করার প্রত্যয় জানিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি পক্ষের নেতৃত্ব দেওয়া পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেন, “সামরিক পদক্ষেপের মাধ্যমে আমরা যা কিছু অর্জন করতে চেয়েছিলাম, আলোচনার মাধ্যমে আমরা তার কয়েকগুণ বেশি পেয়েছি, এ নিয়ে কোনো তুলনাই চলে না।”