বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

জাতীয়

বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার

 প্রকাশিত: ০৮:৫৮, ১৮ জুন ২০২৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার

 

বলপ্রয়োগে বাস্তুচ্যুত ও বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন রোহিঙ্গার মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৮৬ জনকে 'পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। তবে কবে নাগাদ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, এ ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা না গেলেও বলা যায় যে উপযুক্ত সময়ে, সঠিক পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করাই বর্তমান সরকারের লক্ষ্য।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এ পর্যন্ত ছয় ধাপে মোট ৮ লাখ ২৯ হাজার ৩৬ জন রোহিঙ্গার তথ্য মিয়ানমার সরকারের কাছে পাঠিয়েছে। এর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৫০৩ জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। এর মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৮৬ জনকে 'পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি' হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

লিখিত প্রশ্নে শাহজাহান চৌধুরী জানতে চেয়েছেন, ২০২৪-২৫ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কী ধরনের অগ্রগতি হয়েছে, প্রত্যাবাসন শুরুর সুনির্দিষ্ট সময়সীমা কী এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিনিয়ত সৃষ্টি হওয়া নিরাপত্তা ও মানবিক সংকট মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জবাবে ড. খলিলুর রহমান বলেন, 'রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয়। এর সমাধানের গতিপ্রকৃতি অনেকাংশেই নির্ভর করে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর। যেহেতু রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও যুদ্ধাবস্থা চলছে, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে কাউকে ফেরত পাঠানো সম্ভব নয়। তবে আমাদের সরকার রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং সে লক্ষ্যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি।'

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই যাতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু করা যায়, সেজন্য আমাদের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন।