সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

জাতীয়

এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী

 প্রকাশিত: ২০:১০, ২২ জুন ২০২৬

এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

এই ছয় জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন বলে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন।

এর আগে রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, "কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

"এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন হতে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।"

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে–এমন আলোচনা কয়েকদিন ধরেই ছিল। ২৩ জুন সামনে রেখে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি 'জরুরি বার্তা'ও পাঠানো হয়।

ওইদিন সারাদেশে পুলিশকে 'প্রয়োজনীয় সতর্কতার' পাশাপাশি 'নিরাপত্তামূলক ব্যবস্থা' নিতে নির্দেশনা দেয় সদর দপ্তর।