মোবাইল ফোন নিয়ে সিদ্ধান্ত না পাল্টালে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না দেওয়ার ‘বিধান পরিবর্তন না করলে’ মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় তিনি বলেন, “কমিশন কোন জায়গা থেকে এইসব বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে, তা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে।
“আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতেই যদি এই বিধান না পরিবর্তন করেন, তাহলে আগামীকাল (মঙ্গলবার) ইলেকশন কমিশন ঘেরাও হবে।”
নাহিদ বলেন, “নির্বাচনের দ্বারপ্রান্তে এসে মিডিয়াকে ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হবে। মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকার কেড়ে নেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।
“আমাদের প্রতিনিধিরা আজকে নির্বাচন কমিশনে যাচ্ছে। কমিশন কে বলছি এতদিন যা করেছেন, করেছেন। ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের।”
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করে এনসিপির আহ্বায়ক ভোটারদেরও সতর্ক থাকার অনুরোধ করেন।
নাহিদ বলেন, “যাদের ফরজ নামাজের খোঁজ থাকে না, তারা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে।”