সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

আন্তর্জাতিক

নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির

 প্রকাশিত: ১৩:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জোট পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ায় ক্ষমতাসীনদের প্রতিশ্রুত করছাড় বাস্তবায়ন এবং চীনকে মোকাবেলায় সামরিক বাহিনীর পেছনে খরচ বাড়ানোর পথ খুলল।

রোববারের নির্বাচনে রক্ষণশীল তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে একাই ৩১৬টি আসন জিতেছে। এটাই কোনো নির্বাচনে দলটির সেরা ফল, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

জোটের শরিক জাপান ইনোভেশন পার্টির (ইশিন নামে পরিচিত) কল্যাণে নিজেকে ব্রিটেনের ‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচার দ্বারা অনুপ্রাণিত বলা তাকাইচি এখন জাপানের পার্লামেন্টের শক্তিশালী নিম্নকক্ষের ৩৫২টি আসনের ওপর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছেন; যা তাকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ‘কর্তৃত্ব’ এনে দেবে, যার ফলে উচ্চকক্ষের বাধা টপকে আইনে পাস সহজ হবে।

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে তাকাইচির দলের সংখ্যাগরিষ্ঠতা নেই।

শীতের ভোটে তুষারঝড়

“এই নির্বাচনের সঙ্গে বড় বড় নীতি পরিবর্তনের প্রসঙ্গ জড়িয়ে আছে। বিশেষ করে অর্থনৈতিক ও রাজস্ব নীতি বড় রদবদল, পাশাপাশি নিরাপত্তা নীতি জোরদারের প্রসঙ্গও আছে।

“এসব নীতি নিয়ে এতদিন ধরে ব্যাপক বিরোধিতা দেখা গেছে। যদি আমরা জনসমর্থন পাই তাহলে সর্বশক্তি দিয়েই আমাদের এসব ইস্যুর সমাধানে এগিয়ে যেতে হবে,” ভোটের ফল যখন একটু একটু করে আসতে শুরু করেছে তখন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তাকাইচি।

ফল ঘোষণার পর তাকাইচিকে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বলেছেন, “তার রক্ষণশীল, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এজেন্ডা পাসে শুভকামনা থাকলো।”

“নির্বাচন ডাকার মতো সাহসী ও বিচক্ষণ সিদ্ধান্ত তাকে বড় সাফল্য এনে দিয়েছে,” বলেছেন ট্রাম্প। আগামী মাসেই হোয়াইট হাউসে তার সঙ্গে তাকাইচির দেখা হওয়ার কথা।

গত বছরের শেষ দিকে তাকাইচি জাপানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এলডিপির প্রধান পদে আসীন হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা বাড়ছিল, এই সুযোগকে কাজে লাগাতেই ৬৪ বছর বয়সী ‘লৌহমানবী’ শীতকালে আগাম নির্বাচন ডেকে বসেন।

তার সোজাসাপ্টা কথা, কঠোর পরিশ্রমী ভাবমূর্তি ভোটারদের আকৃষ্ট করলেও তাকাইচির কট্টর-জাতীয়তাবাদী ঝোঁক ও নিরাপত্তা ইস্যুতে বেশি জোর চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। তার কর ছাড়ের প্রতিশ্রুতিও বিনিয়োগকারীদের দুশ্চিন্তায় ফেলেছে।

তার ডাকে রেকর্ড তুষারপাতের মধ্যেই ভোট দিতে হয়েছে জাপানিদের; প্রাকৃতিক এ দুর্যোগের কারণে রোববার দেশটির কিছু এলাকায় মারাত্মক যানজটও দেখা গেছে, কোথাও কোথাও ভোটকেন্দ্র আগেই বন্ধ করে দিতে হয়েছে।

এ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয়বার ফেব্রুয়ারিতে নির্বাচন হল জাপানে; সাধারণত দেশটিতে তুলনামূলক সহনশীল আবহাওয়ার সময় ভোট হয়।

পাহাড়ি নিগাতা প্রশাসনিক এলাকার উওনামা শহরের একটি ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক ঠাণ্ডা ও ভারি তুষারপাতের মধ্যে তাকাইচির এলডিপিকে ভোট দিতে যান ৫৪ বছর বয়সী শিক্ষক কাজুশিগে চো।

“মনে হচ্ছে তিনি দেশকে দিশা দিচ্ছেন, যেন পুরো দেশ একত্রিত হয়ে অগ্রসর হচ্ছে,” বলেছেন তিনি।

মূল্যস্ফীতি সহনীয় করতে খাদ্যপণ্যে ৮% বিক্রয়কর বাতিলের যে প্রতিশ্রুতি তাকাইচি নির্বাচনের সময় দিয়েছিলেন তা নিয়ে বিনিয়োগকারীরা বেশ চিন্তিত। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণভারে জর্জরিত জাপান এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থ পাবে কই, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

রোববার তাকাইচি বলেছেন, তিনি বিক্রয়কর কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন, একইসঙ্গে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় মনোযোগী হবেন।

তরুণদের মধ্যে উদ্দীপনা-উন্মাদনা, চীনের কড়া নজর

জাপানের শীর্ষ ব্যবসায়িক লবি কেইদানরেনের প্রধান ইয়োশিনোবু সুৎসুই রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় তাকাইচির জয়কে স্বাগত জানিয়েছেন।

“টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে এখন খুবই গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে জাপানের অর্থনীতি,” বলেছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত প্রায় পুরোটা সময়ই জাপান শাসন করে আসছে এলডিপি, কিন্তু তাকাইচির পূর্বসূরী শিগেরু ইশিবার আমলে দলটি পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছিল।

তরুন ভোটারদের মন জয় করে তাকাইচি এই পরিস্থিতি পাল্টে দিয়েছেন। তাকে কেন্দ্র করে জাপানে ‘সানাকাতসু’ উন্মাদনাও শুরু হয়েছে। এ ‘সানাকাতসু’র অনুবাদ করা যায় ‘সানায়ে পাগলামি’ হিসেবে। তার হ্যান্ডব্যাগ ও পার্লামেন্ট তিনি যে গোলাপি কলম দিয়ে নোট নেন জাপানে এখন সেগুলোর ব্যাপক চাহিদা।

তবে চীন যে তার ভক্ত নয়, তা হলফ করেই বলা যায়।

ক্ষমতায় বসার কয়েক সপ্তাহের মধ্যেই তাকাইচি তাইওয়ানে বেইজিং হামলা চালালে টোকিও প্রত্যুত্তর দিতে পারে—এমনটা প্রকাশ্যে বলে চীনের সঙ্গে কয়েক দশকের মধ্যে জাপানকে সবচেয়ে বড় দ্বন্দ্বে জড়িয়েছেন। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন তার নিজের অংশ মনে করে।

তাকাইচির ওই মন্তব্যের পাল্টায় চীন একাধিক ব্যবস্থা নেয়, নাগরিকদের জাপান সফর না করতেও তাগাদা দেয় তারা।

জাপানে এরই মধ্যে ‘লৌহমানবী’ হিসেবে সুপরিচিত হয়ে ওঠা তাকাইচি নির্বাচনে জয়লাভের পর প্রথম যে বিদেশি নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে’ও আছেন।

তিনি তাকাইচি জয়ী হওয়ায় ‘জাপান ও এ অঞ্চলে তার অংশীদারদের’ ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ও নিরাপদ হবে বলে আশাও প্রকাশ করেছেন।

পার্লামেন্টে শক্ত অবস্থান তৈরি হওয়ায় তাকাইচি জাপানের প্রতিরক্ষা জোরদারে তার পরিকল্পনা নিয়ে জোরেশোরে অগ্রসর হতে পারেন, ফিরিয়ে আনতে পারেন জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী শক্তিশালী ভাবমূর্তি। তেমনটা হলে তা বেইজিংকে ক্রুদ্ধ করে তুলতে পারে।

রোববার সন্ধ্যায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি একাধিক টিভি স্টেশনকে বলেছেন, তিনি জাপানের প্রতিরক্ষা শক্তিশালী করার নীতি নিয়ে অগ্রসর হতে চান, পাশাপাশি চীনের সঙ্গে সংলাপও চালিয়ে যেতে চান।

“বেইজিং তাকাইচির জয়কে ভালো চোখে দেখবে না। তার অবস্থান সুসংহত, এবং তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা যে সফল হয়নি চীন এখন এই বাস্তবতার মুখোমুখি হচ্ছে,” বলেছেন বিভিন্ন কোম্পানিকে ভূরাজনৈতিক ঝুঁকি সম্পর্কে পরামর্শ দেওয়া প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের অধ্যক্ষ ডেভিড বোলিং।