নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীসহ দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
‘ভোট প্রয়োগের সুবিধার্থে’ দোকানপাট বন্ধ রাখা হবে বলে মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে জরুরি পণ্যের দোকানপাট এর আওতার বাইরে থাকবে।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১১ তারিখেও জরুরি দোকান যেগুলো আছে, সেগুলো খোলা থাকবে। যারা স্ব-স্ব এলাকার ভোটার, তারা খোলা রাখতে পারবে।
“দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশ স্টাফ তো অন্য এলাকার। তাদের তো নিজেদের এলাকায় ভোট দিতে যেতে হবে। সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
ইসির সবশেষ তথ্যানুযায়ী, সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।