বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ
মঞ্চ সাজানো, প্রতিপক্ষও প্রস্তুত—কিন্তু লাল-সবুজ জার্সিধারীরা নেই। শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে এবং ভারতের কলকাতা শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার খ্যাতনামা ইডেন গার্ডেন্সে প্রথম দিনেই মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। তবে নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে।
ফলে ৩০ বছর পর বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে।
আইপিএলের আগামী মৌসুমের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের উগ্রবাদী কিছু সংগঠনের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর ধারাবাহিকতায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে একাধিক আলোচনার পরও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।
সংস্থাটির দাবি, তাদের স্বাধীন মূল্যায়নে কোনো ‘যাচাইযোগ্য হুমকি’ পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে এখন পর্যন্ত নয়টি আসরে বাংলাদেশ উপস্থিতি ছিল। কিন্তু দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার কেবল দর্শক হয়েই থাকতে হচ্ছে।
ওভারঅল বিশ্বকাপ হিসেব করলে বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হয়েছিল ১৯৯৬ সালে। সময়ের হিসেবে প্রায় ৩০ বছর। ১৯৯৯ সালে বাংলাদেশে প্রথমবার বিশ্বকাপ খেলে। এরপর যত বারই এই বৈশ্বিক ইভেন্ট মাঠে গড়িয়েছে, সবকটিতেই অংশ নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এবার প্রেক্ষাপট ভিন্ন।
ভারতে না গিয়ে বাংলাদেশ দল খেলছে মিরপুরে, তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে ধুমকেতু নামে অংশ নিচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। অথচ আজ কলকতায় ক্যারিবিয়দের বিপক্ষে বেলা তিনটায় মাঠে নামার কথা ছিলো লিটন দাসদের। তবে চিত্রনাট্য পাল্টে গেছে, বাংলাদেশকে বাইরে রেখে সুযোগ করে দেয় র্যাংকিংয়ে ১৪তম দল স্কটল্যান্ডকে। এতে করে বিশ্বকাপ হারিয়েছে এর সার্বজনিন গুরুত্ব। আইসিসি’র সভায় বাংলাদেশ একমাত্র পাশে পেয়েছিল পাকিস্তানকে। শুরুতে পাকিস্তান বলেছে, বাংলাদেশের দাবী মানা না হলেও তারা বিশ্বকাপ বয়কট করবে। যদিও পরে সে অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। দেশের সরকার সিদ্ধান্ত নেয়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন ক্রিকেটাররা। যদিও সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন বিশ্বকাপ বিষয়টি অতীত হয়ে গেছে। ২০০৭ সালে প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। কুড়ি ওভারের চারটি বিশ্বকাপ খেলা আশরাফুল এখন ভিন্ন দায়িত্বে। তার মতে বিশ্বকাপ নিয়ে চিন্তা করে লাভ নেই। ক্রিকেটাররা এখন সামনে তাকিয়ে, ‘এই বিষয়টা আসলে শেষ হয়ে গেছে। বিশ্বকাপ নিয়ে আর চিন্তা না করাই বেটার। আমরা এই টুর্নামেন্ট (অদম্য কাপ) নিয়ে আছি। এরপর জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে, সেটা নিয়ে ব্যস্ত থাকব। যখন প্লেয়াররা ব্যস্ত থাকে, এগুলো নিয়ে চিন্তা করার সময়ও থাকে না।’
যদিও বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ! বাংলাদেশের দুই আম্পায়ারের শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। শরফুদ্দৌলা ইবনে সৈকত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন। তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। গাজী সোহেল এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। এছাড়া ধারাভাষ্যকারদের তালিকাতেও রয়েছে বাংলাদেশের আতহার আলির নাম। বিশ্বব্যাপী পরিচিত এই ধারাভাষ্যকার নিয়মিত বিভিন্ন সিরিজ ও বিশ্বকাপে ধারাভাষ্য প্রদান করেন।
বিশ্বকাপের প্রথম দিনে তিনটি ম্যাচ মাঠে গড়াবে। বেলা সাড়ে ১১টায় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নেদারল্যান্ডস ও পাকিস্তান। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ম্যাচ মাঠে গড়াবে বেলা তিনটায়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে বাংলাদেশের তিন ম্যাচই ছিল কলকাতায়। বাকি ম্যাচটি মুম্বাইয়ে। বাংলাদেশ খেলছে না বলে কলকাতার ইডেন গার্ডেনে খেলাগুলোর টিকিট বিক্রিতে ধস নেমেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলেছে, টিকিটের লাইনে কোন লাইন নেই। কারই আগ্রহ নেই বিশ্বকাপকে ঘিরে! ইডেন গার্ডেন্সে সব মিলিয়ে ৬৫ হাজার আসন। এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে জানিয়েছিল আনন্দবাজার। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২ হাজার ৭৫ টিকিট বিক্রয় হয়েছে। দুইদিন পর হয়তো টিকিট বিক্রয়ের সংখ্যটা একটু বাড়তে পারে। সবমিলিয়ে বাংলাদেশ না যাওয়ায় বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই।