শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

জাতীয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১২:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা আফনান মারা গেছে।

রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সঙ্গে থাকা চাচা শওকত। হুজাইফা এতোদিন লাইফ সাপোর্টে ছিলেন।

গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় শিশুটিকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় জানিয়েছিলেন, শিশুটির অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

হুজাইফার চাচা শওকত বলেন, ১০ জানুয়ারি রাতভর সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হচ্ছিল।

“আমার বড় ভাইয়ের মেয়ে হুজাইফা তার দাদার সাথে দোকান থেকে নাস্তা কেনার জন্য বের হয়। বাড়ি ফেরার সময় ছুটে আসা গুলি তার শরীরে লাগে। নাস্তা নিয়ে তারা আর ঘরে যেতে পারেনি।”