ফ্যামিলি কার্ড’ নিয়ে অপপ্রচার হাস্যকর : আমিনুল হক
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, শুধুমাত্র ধানের শীষের ভোটারদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে- প্রতিপক্ষের এমন অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন।
আজ শুক্রবার প্রচারণার ১৬তম দিনে পল্লবী ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি দলের প্রার্থীর এ ধরনের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয়। জনগণের ওপর আস্থা না থাকায় তারা এখন অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।
আমিনুল হক প্রশ্ন তোলেন, জনগণের প্রতি বিশ্বাস থাকলে কেন রাতের অন্ধকারে বোরকা পরে ঘরে ঘরে গিয়ে টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করতে হচ্ছে? তিনি জানান, গতকালও বোরকা পরে টাকা বিলানোর সময় দু’জনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে, এবং মিরপুর ডিওএইচএস থেকে একটা দলের টাকা বণ্টনের সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
এলাকার সন্তান হিসেবে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সাবেক এই জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি নয়, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে এই এলাকার বিশাল উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
জলাবদ্ধতাসহ এলাকার প্রতিটি সমস্যার সমাধান করে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোই তার আগামীর রাজনীতি।
চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা স্মরণ করে আমিনুল হক আরও বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তরুণরাই হবে আগামীর কারিগর। শিক্ষিত ও অর্ধ-শিক্ষিত সকল তরুণের জন্য ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন তিনি।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে তার ভবিষ্যৎ পরিকল্পনার লিফলেট তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।