সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান
দুই দলের কারও আনুষ্ঠানিক অনুশীলন ছিল না শনিবার। এমনকি ছিল না ঐচ্ছিক অনুশীলন পর্বও। তবু দুপুরের দিক একটু তোলপাড় পড়ে গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নাজমুল হোসেন শান্ত যে অনুশীলনে এসেছেন! নেট বোলার ও আর্ম থ্রোয়াদের নিয়ে তিনি অনুশীলন করলেন একাডেমি মাঠে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং সহাঙক কন্ডিশনেও তিনি ভালো করতে পারেননি। শেষ ম্যাচে নিজেকে মেলে ধরতে তিনি মরিয়া।
তার চেয়েও মরিয়া অবশ্য তার দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ পরের ম্যাচে প্রবল প্রতাপে ফিরেই সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচটি শুধু সিরিজের ফয়সালা নয়, বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ে উন্নতির হাতছানিও। সিরিজ জিততে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উুঠে ৯ নস্বরে জায়গা করে নেবে মেহেদী হাসান মিরাজের দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে রোববার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর সোয়া ২টায়।
বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচ ও প্রতিটি সিরিজই এখন র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সুযোগ। আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য র্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেই পথে বাংলাদেশ এগিয়ে গলেও পিছু হটতে হয়েছে পরের ম্যাচে। ব্যাটে-বলে ব্যর্থ দ্বিতীয় ম্যাচটি পেছনে ফেলে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তাকাচ্ছেন সামনে। বিশ্বাসের মন্ত্রে সিরিজ জয় করতে চান তিনি।
“আমার মনে হয়, এই ম্যাচ ভুলে যেতে হবে আমাদের। যত দ্রুত সম্ভব নিজেদের খেলায় উন্নতি করতে হবে আমাদের এবং বিশ্বাস রাখতে হবে য, সিরিজ আমরা জিততে পারি। প্রথম ম্যাচেই আমরা দেখেছি, যখন আমরা ভালো ক্রিকেট খেলি, পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক হয় এবং নিজদের ওপর বিশ্বাস থাকে, আমরা জিততে পারি। আশা করি, আমরা সিরিজ জিততে পারব।”
সিরিজ জয়ের ম্যাচে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। প্রথম দুই ম্যাচে একই দল নিয়ে খেলেছে দল। দুই ম্যাচেই ব্যর্থ সাইফ হাসানের জায়গায় ফিরতে পারেন সৌম্য সরকার। নিজের সবশেষ ম্যাচটিতে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, আগের ম্যাচটিতে করেছিলেন ৪৫। তার পরও এই সিরিজে তাকে ডাগআউটেই বসে থাকতে হয়েছে। এই ম্যাচে মিলতে পারে পারে সুযোগ।
বোলিং আক্রমণে তাসকিন আহমেদ দুই ম্যাচে নতুন বলে উইকেট এনে দিতে পারেননি। নতুন বলের সুইং কাজে লাগানোর জন্য একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।
পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া হুসাইন তালাত লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। কিপার-ব্যাটার মুহাম্মাদ গাজি ঘোরি কিংবা লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের অভিষেক হতে পারে এই ম্যাচে।
সবশেষ দুটি সিরিজে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে তারা। এই সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দেশে তুমুল সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে গোটা দলকে। দ্বিতীয় ম্যাচের জয়ের পর তা স্তিমিত হয়েছে কিছুটা। শেষ ম্যাচে জিতে হ্যাটট্রিক সিরিজ জয়কে সঙ্গী করে দেশে ফিরতে চাইবেন তারা।
গত ম্যাচে সালমান আলি আগার রান আউট ঘিরে নানা ঘটনাপ্রবাহে সিরিজে বাড়তি উত্তেজনার রসদও মিলেছে। দুই দলই তাই তেতে থাকবে জয়ের জন্য। প্রথম দুই ম্যাচ এক তরফা হলেও শেষ ম্যাচ জমজমাট লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।