ঈদের আগে শেষ বৈঠকে সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।
রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন সংসদ নেতা তারেক রহমানসহ সরকারি দলের সাংসদরা।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের শুরুতে ওয়াকআউট করা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াত ছোটের সাংসদরা অধিবেশন উপস্থিত আছেন।
এদিন জামালপুরের বিএনপি দলীয় সাংসদ সুলতান মাহমুদ বাবুর তরফে কক্সাবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্ন উত্থাপন করেন।
এ সময়ে জুলাই সনদের ওপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে গেলে স্পিকার বলেন, “এই মুহূর্তে নয়, প্রশ্নোত্তর পর্বের এক ঘণ্টা শেষে তা উত্থাপনে আপনাকে সময় দেওয়া হবে।”
এরপর বিরোধী দলের নেতা বসে যান।
এদিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস নিষ্পত্তির বিষয় রয়েছে।
এছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা করে; সেদিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সেই সময় ওয়াকআউট করে জামায়াত জোটের সদস্যরা।
কার্যউপদেষ্টা কমিটি সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ পর্যন্ত চলবে।
“১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।”
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে কার্যউপদেষ্টা কমিটি।