গ্রিসকে ঐতিহাসিক চিত্রকর্ম ধার দিল ফ্রান্স
গ্রিসের স্বাধীনতা যুদ্ধের অন্যতম আলোচিত অধ্যায় মিসোলংহির পতনকে তুলে ধরা ফরাসি শিল্পী ইউজিন দেলাক্রোয়ার একটি ঐতিহাসিক চিত্রকর্ম গ্রিসকে ধার দিয়েছে ফ্রান্স। শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
‘গ্রিস অন দ্য রুইনস অব মিসোলংহি’ শীর্ষক চিত্রকর্মটি ১৮২৬ সালে আঁকা হয়। ১৮২১-১৮৩০ সালের গ্রিসের স্বাধীনতা যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় মিসোলংহি অবরোধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস পর এটি তৈরি করা হয়। এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফ্রান্সের বোর্দোর ফাইন আর্টস জাদুঘর থেকে চিত্রকর্মটি গ্রিসের মিসোলংহি শহরের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রদর্শনের জন্য ধার দেওয়া হয়েছে। আগামী এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সেখানে এটি প্রদর্শিত হবে।
১৮২২ সাল থেকে অটোমান বাহিনী একাধিকবার মিসোলংহি অবরোধ করে। শহরটির দুর্দশা ইউরোপজুড়ে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের প্রতি ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।
বিশেষ করে ১৮২৪ সালে সেখানে ব্রিটিশ কবি লর্ড বায়রনের মৃত্যুর পর বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে।
গ্রিসের পশ্চিমাঞ্চলীয় ওই শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সংস্কৃতিমন্ত্রী লিনা মেনদোনি বলেন, ‘আজও ফিলহেলেনিক আন্দোলনের সমষ্টিগত স্মৃতিতে মিসোলংহির আত্মত্যাগ গভীরভাবে গেঁথে আছে।’
প্যারিস মেট্রোর একটি স্টেশনের নামকরণ করা হয়েছে মিসোলংহি অভিযানে নিহত গ্রিক নেতা ও সুলিওত প্রধান মার্কোস বটজারিসের নামে। স্টেশনটির নাম ‘বটজারিস’।