রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ‘লুটপাটের’ অভিযোগ শাহজাহান চৌধুরীর রাজশাহীতে জমেছে রেশমি পোশাকের বিকিকিনি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২ ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫ মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উত্তর কোরিয়ার ইরানি বিপ্লবী গার্ডের ঘোষণা: নেতানিয়াহুকে খুঁজে হত্যা করবে। ঈদের আগে শেষ বৈঠকে সংসদ দেশে প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহের ঘোষণা সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান খার্কে আরও হামলার হুমকি ট্রাম্পের, মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান

আন্তর্জাতিক

ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫

 প্রকাশিত: ১৪:৫৩, ১৫ মার্চ ২০২৬

ইস্পাহানে কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৫

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মারা ক্ষেপণাস্ত্রের আঘাতে কারখানার ভেতর থাকা শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ক্ষেপণাস্ত্রটি শনিবার একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদন কারখানায় আঘাত হানে, বলেছে আধাসরকারি ইরানি বার্তা সংস্থা ফারস।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা শুরুর পর পঞ্চদশ দিনে ইস্পাহানের এ কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানল।

তৃতীয় সপ্তাহে গড়ানো এ সংঘাত এরই মধ্যে কেবল ইরানেই এক হাজার ৪৪৪ বেসামরিকের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত পেরিয়েছে সাড়ে ১৮ হাজার।

সংঘাতের মধ্যে প্রতিদিনই ইরানজুড়ে অসংখ্য শহরে একের পর এক হামলা চালিয়ে গেছে ওয়াশিংটন ও তেল আবিব। তাদের হামলায় এরই মধ্যে ১০ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক’দিন আগেই ইরানি কর্মকর্তারা হিসাব দিয়েছিলেন।

গত ৮ মার্চ এমনই এক হামলায় ইস্পাহানের রুশ কনস্যুলেটও ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানকার কর্মীরা আহত হন। মস্কো ওই হামলাকে আন্তর্জাতিক রীতিনীতির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিয়েছিল।

শনিবার ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তাদের ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এ স্থানগুলোর মধ্যে রয়েছে সপ্তদশ শতকের ইস্পাহানের কেন্দ্রবিন্দু নকশ-ই জাহান চত্বর এবং ইউনেস্কোর তালিকায় থাকা তেহরানের গোলেস্তান প্রাসাদ।

ইরানের যে ২৯টি স্থান বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে, তার মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

শনিবার ইরানের সেনাবাহিনী তাদের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি-নাসাব ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে স্বীকার করে নিয়েছে।

“তিনি দেশ রক্ষায় শহীদ হয়েছেন,” বলেছে তারা।

তার কিছুক্ষণ আগেই মার্কিন বাহিনী খার্ক দ্বীপে হামলা চালায়, এ দ্বীপটি থেকেই ইরানের অপরিশোধিত তেলের ৯০ শতাংশ রপ্তানি হয়।

খার্কে যুক্তরাষ্ট্রের হামলায় কেউ হতাহত হয়নি এবং তেল রপ্তানি সংক্রান্ত কার্যক্রমও বহাল তবিয়তে চলছে বলে জানিয়েছেন উপসাগরীয় এক কর্মকর্তা।

ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটানো অব্যাহত রাখলে দ্বীপটির তেল স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।

বিবদমান পক্ষগুলোকে আলোচনায় বসানোর চেষ্টা চললেও কেউই পিছু হটতে রাজি হচ্ছে না।

যুদ্ধবিরতির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি মিলিত চেষ্টা ট্রাম্প প্রশাসন খারিজ করে দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন।

প্রেসিডেন্ট আরও চাপ বাড়াতে চান, বলেছেন তিনি।

“এই মুহূর্তে (সমঝোতায়) তিনি আগ্রহী নন, আমরা বিরতি ছাড়াই অভিযান চালিয়ে যাব,” বলেছেন ওই কর্মকর্তা।

ইরানও তাদের ওপর হামলা চলমান থাকা অবস্থায় আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বলে অনামা এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখেও শোনা গেছে দৃঢ় প্রত্যয়ী সুর।

এই অঞ্চলে মার্কিন নিরাপত্তা কাঠামো যে ‘অসংখ্য ছিদ্রযুক্ত’ তা প্রমাণিত হয়েছে মন্তব্য করে তিনি প্রতিবেশীদের তাদের ভূখণ্ড থেকে ‘বিদেশি আগ্রাসনকারীদের তাড়িয়ে দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ ‘মারাত্মক পর্যায়ে’ ঢুকছে, এবং এটি ‘যতক্ষণ প্রয়োজন’ চলবে।

ইরান শনিবারও ইসরায়েলের দিকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থার প্রতিবেদক জানিয়েছেন।

দফায় দফায় ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর কোনো কোনোটি গুচ্ছবোমার ওয়ারহেড নিয়ে ইসরায়েলের অনেক জায়গায় আঘাত হেনেছে বলে জানিয়েছে সেখানকার সামরিক বাহিনী।

এইলাতে গুচ্ছবোমার আঘাতে ১২ বছর বয়সী এক ছেলেসহ তিনজন আহত হয়েছে, বলেছে টাইমস অব ইসরায়েল।