মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২
ইসরায়েলের স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে দেশটিতে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী, তারপরও অন্তত দুইজন আহত হয়েছে।
রোববার স্থানীয় সময় ভোররাতে ইসরায়েলের তেল আবিব শহরের হোলন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত দুইজন আহত হন বলে জানিয়েছে দেশেটির জরুরি পরিষেবা মাগেন দাভিদ আদোম।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় তারা আহত হন। তবে বাধা দিয়ে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেও তারা আহত হয়ে থাকতে পারেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
মাগেন দাভিদ আদোম (এমডিএ) জানিয়েছে, ছিটকে আসা কাঁচের টুকরোর আঘাতে অশীতিপর এক ব্যক্তি আহত হন, তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত অপরজন একজন নারী, তিনিও অশীতিপর। শ্বাসের সঙ্গে ধোঁয়া ঢুকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে অসুস্থ হয়ে পড়া আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমডিএ জানিয়েছে।
এ দিন মধ্যরাতের পর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, সবগুলো এলাকা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পাশাপাশি লেবানন থেকে ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরমধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পাল্লার ছিল।
এর আগের দিন শনিবার অন্তত ছয়বার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রত্যেকবারে একসঙ্গে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে গিয়ে হাজির হয়। এসব হামলায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে অন্তত তিনজন আহত হয়।
ইসরায়েলের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলের পাশাপাশি জেরুজালেম ও পশ্চিম তীরের ইহুদি বসতিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এগুলোর ম্যধ্যে কিছু ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ক্লাস্টার বোমা ছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের আঞ্চলিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং দেশটির অভ্যন্তরীণ ফ্রন্ট ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড এসব হামলা চালিয়েছে।